আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও জাতীয় গণভোটকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো ব্যালটের মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ১ হাজার ৪৬০টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
ভোটের সর্বশেষ পরিসংখ্যান (প্রবাস): শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন প্রবাসী তাদের ব্যালট হাতে পেয়েছেন। ব্যালট পাওয়াদের মধ্যে ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।
৪ লাখ ৪৯ হাজার ৬ জন প্রবাসী তাদের ভোট দেওয়া ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে জমা দিয়েছেন। ইতোমধ্যে ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।
দেশের পাশাপাশি দেশের ভেতরে যারা সরাসরি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না, তাদের জন্যও পোস্টাল ব্যালট ব্যবস্থা সচল রয়েছে।
দেশের অভ্যন্তরে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো শুরু হয়েছে। এখন পর্যন্ত ২ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোট দিয়েছেন এবং রিটার্নিং কর্মকর্তারা ৩০ হাজার ৭০৬টি ব্যালট গ্রহণ করেছেন।
এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহারে বড় সাফল্য পেয়েছে নির্বাচন কমিশন। মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার দেশে ও প্রবাসে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসীদের অংশগ্রহণ অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে।


আপনার মতামত লিখুন :