বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সিকিম রাজ্যে ৪.৬ মাত্রার মাঝারি ধরনের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে অনুভূত এই কম্পনে বাংলাদেশ, নেপাল, চীন ও ভুটানের কিছু অংশ কেঁপে ওঠে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পশ্চিম সিকিমের ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ৫৫ মাইল (৮৮ কিলোমিটার) দূরে।
ভূমিকম্পের ফলে সিকিম ও আশপাশের এলাকায় মাঝারি মাত্রার কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হিমালয় পাদদেশীয় অঞ্চল হওয়ায় এই এলাকাটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত।
উল্লেখ্য, এর আগে গতকাল শুক্রবারও (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে বাংলাদেশ ও ভারতসহ এই অঞ্চলের ৫টি দেশে কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিকবার কম্পন অনুভূত হয়েছিল। নামচি ও মাঙ্গান এলাকায় হওয়া সেই কম্পনের মাত্রাও ছিল ৪.০ থেকে ৪.৬ এর মধ্যে। ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার এই ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :