ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

হাদি হত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘের সহায়তা চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:২২ পিএম

হাদি হত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘের সহায়তা চাইল বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ওএইচসিএইচআর-এর কাছে একটি আনুষ্ঠানিক ‍‍`নোট ভারবাল‍‍` প্রেরণ করেছে। এই চিঠিতে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দফতরের সরাসরি সহযোগিতা কামনা করা হয়েছে।

বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে এ ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে মোটরসাইকেল আরোহী আততায়ীদের গুলিতে গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শুরু থেকেই এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করা হচ্ছিল।

এই মামলায় গত ৬ জানুয়ারি ডিবির পক্ষ থেকে সাবেক ওয়ার্ড কাউন্সিলর বাপ্পি ও সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সালসহ ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তবে মূল আসামিদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করে আসছিল হাদির পরিবার। সরকার এখন সেই দাবি অনুযায়ী আন্তর্জাতিক সংস্থাকে তদন্তে যুক্ত করার প্রক্রিয়া শুরু করল।
 

ডিজিএন/এনএস

banner
Link copied!