ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

৫ লাখ মানুষের মুক্তি: ২৩ হাজার ‘হয়রানি’ মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৩২ পিএম

৫ লাখ মানুষের মুক্তি: ২৩ হাজার ‘হয়রানি’ মামলা প্রত্যাহার

আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বড় সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, যার ফলে প্রায় ৫ লাখ মানুষ আইনি হয়রানি থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো পর্যালোচনার জন্য গত ২২ সেপ্টেম্বর দুটি কমিটি গঠন করা হয়েছিল। একটি জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি এবং অন্যটি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় কমিটি।

কমিটিগুলো ভুক্তভোগী রাজনৈতিক দল ও ব্যক্তিদের কাছ থেকে আবেদন গ্রহণ করে। আন্তঃমন্ত্রণালয় কমিটি মোট ৩৯টি সভার মাধ্যমে প্রাপ্ত আবেদনগুলো নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে। প্রাথমিক ধাপে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মামলা প্রত্যাহারের এই কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং আরও অনেক আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে।

এই সিদ্ধান্তের ফলে বিগত দেড় দশকে ‘গায়েবি মামলা’ ও রাজনৈতিক হয়রানির শিকার হওয়া লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হতে যাচ্ছে। নির্বাচনী ডামাডোলের মধ্যে সরকারের এই পদক্ষেপকে রাজনৈতিক দলগুলো ইতিবাচক হিসেবে দেখছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!