ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ঢাকায় ৩৭ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:০৩ পিএম

ঢাকায় ৩৭ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’: ডিএমপি কমিশনার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ৩৭টি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হবে বাড়তি পুলিশ এবং প্রতিটি কেন্দ্রে থাকবে বডি-ওর্ন ক্যামেরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এসব তথ্য জানান।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ঢাকার ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৭ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা রুখতে পুলিশ সদস্যদের শরীরে থাকবে বিশেষ বডি ক্যামেরা।

ডিএমপি এলাকায় ১ হাজার ৬১৪টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে ৩ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

ডিএমপি কমিশনার জানান, নির্বাচনের দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির প্রায় ২৫ হাজার সদস্য সরাসরি মাঠে থাকবেন। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে: স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

তিনি আরও বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ডিএমপি পুরোপুরি প্রস্তুত। ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ রুখতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।”

ডিজিএন/এনএস

banner
Link copied!