ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ভোটকেন্দ্রে ফোন নিতে পারবেন সাংবাদিকরা: পিছু হটল ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:১৯ পিএম

ভোটকেন্দ্রে ফোন নিতে পারবেন সাংবাদিকরা: পিছু হটল ইসি

সাংবাদিকদের তীব্র প্রতিবাদ ও দাবির মুখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাংবাদিকদের সংগঠন আরএফইডি-এর বৈঠকের পর এই ইতিবাচক সিদ্ধান্ত আসে।

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর সভাপতি কাজী জাবেল জানান, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘গণমাধ্যমের স্বাধীনতায় বাধা’ হিসেবে কমিশনকে অবহিত করা হয়েছে। সাংবাদিকরা জানিয়েছেন, আধুনিক যুগে সংবাদ দ্রুত পাঠানোর জন্য মোবাইল একটি অপরিহার্য যন্ত্র। কমিশন বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে আশ্বাস দিয়েছে যে, গণমাধ্যমকর্মীরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) ইসি এক প্রজ্ঞাপনে জানিয়েছিল, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটার বা অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এই সিদ্ধান্তকে ‘ভোট জালিয়াতির কৌশল’ হিসেবে আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল।

নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, সাংবাদিকদের জন্য এই নিয়ম শিথিল করে খুব শীঘ্রই একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করা হবে। এর ফলে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা ভোটকেন্দ্রের ভেতর মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহার করতে পারবেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!