ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০১:০৭ পিএম

২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে দেশের ২৯৯টি সংসদীয় আসনের সবকটিতেই ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের জন্য স্থাপিত ‍‍`মিডিয়া সেন্টার‍‍` উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, "দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে কমিশন কাজ করে যাচ্ছে। শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব না হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া ছিল আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।" তিনি নিশ্চিত করেন যে, ২৯৯টি আসনেই ব্যালট পেপারসহ সব নির্বাচনী সরঞ্জাম মাঠ পর্যায়ে পৌঁছে গেছে।

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর যে বিধিনিষেধ নিয়ে আলোচনা হচ্ছিল, সে বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন সচিব। তিনি বলেন, "মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে আগের প্রজ্ঞাপনটি আজই প্রত্যাহার করা হবে।" এছাড়া ভোট গণনার বিষয়ে তিনি জানান, পোস্টাল ব্যালট গণনা কিছুটা সময়সাপেক্ষ হলেও ফলাফল প্রকাশে কোনো অবস্থাতেই অতিরিক্ত বিলম্ব করা হবে না।

উল্লেখ্য, ৩০০ আসনের মধ্যে আগামী বৃহস্পতিবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে ওই আসনটিতে নির্বাচন স্থগিত করেছে কমিশন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে ওই আসনে ভোট নেওয়া হবে।

ইসি সচিব আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!