আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ গণভোট উপলক্ষে সারা দেশে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।
ইসির প্রজ্ঞাপন অনুযায়ী, আজ বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা পর্যন্ত অর্থাৎ ভোটের ২৪ ঘণ্টা সারা দেশে চার ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এগুলো হলো: ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক।
এছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর ইতোমধ্যে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এটি গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে শুরু হয়ে আগামী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
ভোটারদের যাতায়াত সহজ করতে ভোটের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে এবং যাত্রীর চাপ সামলাতে ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে। এছাড়া সারা দেশে রেলপথ ও নৌপথ সাধারণ শিডিউল অনুযায়ী সচল থাকবে।
তবে দূরপাল্লার বাস চলাচলে সরাসরি কোনো নিষেধাজ্ঞা না থাকলেও পরিবহন মালিকরা জানিয়েছেন, চালক ও শ্রমিকদের ভোটের ছুটির কারণে অধিকাংশ বাস সার্ভিস বৃহস্পতিবার বন্ধ থাকতে পারে।
জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলো এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে: অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও ওষুধ বহনকারী যান। সংবাদপত্রের গাড়ি ও পোস্টাল ব্যালট বহনকারী ডাক বিভাগের গাড়ি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর গাড়ি। ইসির স্টিকারযুক্ত প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের অনুমোদিত একটি ছোট গাড়ি। বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রী (টিকিট বা পাসপোর্ট প্রদর্শন সাপেক্ষে)।
নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনাররা প্রয়োজনে এই বিধিনিষেধ আরও কঠোর বা শিথিল করার ক্ষমতা রাখেন।


আপনার মতামত লিখুন :