ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:২২ পিএম

নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ গণভোটে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশে অবস্থিত জাতিসংঘ কার্যালয়। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টায় সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই বার্তা দেওয়া হয়।

জাতিসংঘের বার্তায় বলা হয়েছে, নির্বাচনে নিরাপদ ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষসহ সমাজে যারা বেশি বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন, তাঁদের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে বাংলাদেশে নির্বাচনী পরিবেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি, বিশেষ করে অনলাইন সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘ জানায়, রাজনৈতিক কর্মী, সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারী নারীরা সাইবার বুলিং, ডিপফেক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি বিকৃত ও যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্টের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন এ বিষয়ে বিশ্ব সংস্থাটি সচেতন।

জাতিসংঘ সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নির্বাচনী প্রক্রিয়ায় যেন নারী প্রার্থী ও ভোটারদের ওপর কোনো প্রকার ভয়ভীতি বা সহিংসতা প্রদর্শন না করা হয়। সংস্থাটি মনে করে, একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নারীর নিরাপত্তা অপরিহার্য।

জাতিসংঘ আরও জানিয়েছে, তারা বাংলাদেশ নির্বাচন কমিশনকে নারীদের নির্বাচনী অংশগ্রহণ বাড়াতে প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা প্রদান করছে। সংস্থাটি বিশ্বাস করে, বাংলাদেশের কর্তৃপক্ষ নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে এবং সবার অধিকার রক্ষায় জাতিসংঘ সরকারের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ডিজিএন/এনএস

banner
Link copied!