ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
Daily Global News

ভোটের নিরাপত্তায় রাজধানীতে সেনাবাহিনীর চেকপোস্ট: ‘জিরো টলারেন্স’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:৫৬ পিএম

ভোটের নিরাপত্তায় রাজধানীতে সেনাবাহিনীর চেকপোস্ট: ‘জিরো টলারেন্স’ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ গণভোটকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুরের শিশু মেলা এলাকায় শেরেবাংলা নগরের ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

ক্যাম্প কমান্ডার মেজর ফুয়াদের নেতৃত্বে এই অভিযানে সড়কে চলাচলকারী মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়ি তল্লাশি করা হয়।

মেজর ফুয়াদ জানান, সরকার ঘোষিত বিধিমালা অনুযায়ী যে সব যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো আটক করা হচ্ছে। সকাল থেকেই এই চেকপোস্টে নিয়মবহির্ভূতভাবে চলাচলের অপরাধে বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করে আইনের হাতে সোপর্দ করেছে সেনাবাহিনী।

সাংবাদিকদের সাথে আলাপকালে মেজর ফুয়াদ বলেন, “আমাদের মূল উদ্দেশ্য প্রতিটি ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রতিটি ওয়ার্ডে আমাদের টহল টিম নিয়োজিত আছে।”

ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে সেনাবাহিনীর অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, “ভোটকেন্দ্রে যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। কোনো প্রকার ছাড় বা প্রশ্রয় দেওয়া হবে না। যেকোনো মূল্যে পরিস্থিতি প্রতিহত করতে আমরা তাৎক্ষণিক অ্যাকশনে যাব।”।

ডিজিএন/এনএস

banner
Link copied!