ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৪১ এএম

দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু: ভোট দিয়ে প্রধান উপদেষ্টা

“আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। এটি আমাদের সবার জন্য আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান হলো, শুরু হলো নতুন স্বপ্নের।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের কাছে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রে পৌঁছে সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটে ভোট দেন প্রধান উপদেষ্টা। ভোট প্রদান শেষে তিনি দেশবাসীকে বিশেষ করে গণভোটে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, “প্রার্থীদের ভোট যেমন গুরুত্বপূর্ণ, গণভোটও তেমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গণভোটের মাধ্যমেই আমরা নতুন বাংলাদেশ গড়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করব। তাই সবাইকে সপরিবারে গণভোটে অংশ নিতে অনুরোধ করছি।”

ভোটের পরিবেশকে একটি জন্মদিনের উৎসবের সঙ্গে তুলনা করে ড. ইউনূস বলেন, “আমরা আজ সারা দেশব্যাপী জন্মদিন পালন করছি। দীর্ঘ প্রতীক্ষার পর মানুষ আজ নির্ভয়ে ভোট দিতে পারছে। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি ঈদ মোবারক।” তাঁর এই ‘ঈদ মোবারক’ সম্ভাষণ ভোটকেন্দ্রে উপস্থিত ভোটার ও সাংবাদিকদের মাঝে এক ভিন্নধর্মী আনন্দঘন পরিবেশ তৈরি করে।

প্রধান উপদেষ্টা যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত। একই কেন্দ্রে কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ভোট দেন। কেন্দ্রটিতে সকাল থেকেই ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল নিশ্ছিদ্র।
 

ডিজিএন/এনএস

banner
Link copied!