দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছিল দেড় দশক পর। কিন্তু সেই ভোট আর দেওয়া হলো না মো. আবু সাঈদ সরকারের (৫৩)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে যাত্রাবাড়ীর কাজলার দনিয়া অগ্রদূত স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা যান।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আবু সাঈদ সরকারের বাসা মুগদার মানিকনগর এলাকায়। ভোট দেওয়ার জন্য তিনি দনিয়া অগ্রদূত স্কুল কেন্দ্রে গিয়েছিলেন। ভোটকেন্দ্রটি স্কুলের পাঁচতলায় হওয়ায় সিঁড়ি বেয়ে ওঠার সময় তিনি তীব্র বুক ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. ফারহান ইসরাক নিঝুম জানান, তাঁর বাবা আগে থেকেই হার্টের রোগী ছিলেন এবং দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল। আজ ভোটের প্রবল উৎসাহ নিয়ে তিনি কেন্দ্রে এসেছিলেন, কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে গিয়েই সব শেষ হয়ে গেল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :