ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোট চলাকালীন দেশের ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে প্রাপ্ত তথ্যে এই চিত্র পাওয়া গেছে। বিশৃঙ্খলার পাশাপাশি ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই এবং ৫৯টি জালভোট দেওয়ার ঘটনা নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের ১৩৫টি স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘাতের শিকার হয়েছেন প্রার্থীরাও; অন্তত ৬ জন প্রার্থীকে বিভিন্ন স্থানে মারধরের শিকার হতে হয়েছে। এছাড়া ১৮টি স্থানে ভোটারদের কেন্দ্রে যেতে সরাসরি বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচনী অনিয়মের মধ্যে অন্যতম ছিল পোলিং এজেন্টদের বের করে দেওয়া। সমন্বয় সেল জানিয়েছে, ১৪টি কেন্দ্র থেকে এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। এছাড়া দায়িত্ব পালনে অবহেলার দায়ে ৩৩ জন নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের ৪টি স্থানে অগ্নিসংযোগের মতো নাশকতা ঘটলেও বড় ধরনের কোনো প্রাণহানি এখন পর্যন্ত রিপোর্ট করা হয়নি।
শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত উল্লেখ্য, ৩০০টি আসনের মধ্যে আজ ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলছে। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।


আপনার মতামত লিখুন :