দীর্ঘ প্রতিক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে এখন নতুন সরকার গঠনের মাহেন্দ্রক্ষণ। বঙ্গভবন ও সংসদ সচিবালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্বাচিত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে।
সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। দ্বাদশ সংসদের স্পিকার না থাকায় সংবিধানের বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এই শপথ পাঠ করাবেন।
একই দিন বিকেলে বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী জুলাই অভ্যুত্থানের পর থেকে অন্তরালে থাকায় এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় কে শপথ পড়াবেন এ নিয়ে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, তা সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের আলোকে নিরসন করা হয়েছে। গেজেট প্রকাশের পর নির্ধারিত সময়ে স্পিকার ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর আইনি এখতিয়ার রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে, সোমবারের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশি-বিদেশি কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মিলিয়ে প্রায় এক হাজার অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচনের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে প্রায় নিশ্চিত।


আপনার মতামত লিখুন :