ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল এবং জামায়াতে ইসলামীর বিশাল বিজয় নিয়ে তীব্র সমালোচনা ও প্রশ্ন তুলেছেন সজীব ওয়াজেদ জয়। বিবিসির ‘নিউজ আওয়ার’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই নির্বাচনকে ‘প্রতিযোগিতাহীন’ বলে অভিহিত করেন এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি অকল্পনীয় বলে মন্তব্য করেন।
নির্বাচনে জামায়াতে ইসলামীর জোটের ৮০টি আসন পাওয়ার বিষয়টিকে ‘অবিশ্বাস্য’ বলে দাবি করেছেন জয়। তিনি বলেন, “যেখানে জামায়াত সাধারণত ৫ থেকে ১০টির বেশি আসন পায় না, সেখানে তারা এবার প্রায় ৮০টি আসন পেয়েছে। প্রগতিশীল দলগুলোকে সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি, অনেক নেতাকে কারাগারে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে এমন ফলাফল প্রমাণ করে এটি কোনো প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল না।”
দেশের অন্যতম পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং সংসদের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টির কোনো আসন না পাওয়াকে তিনি রহস্যজনক বলে উল্লেখ করেন। জয়ের ভাষ্যমতে, “একটি বৃহৎ দলকে মাঠের বাইরে রেখে হওয়া এই নির্বাচনের মধুচন্দ্রিমা শেষ হলেই বোঝা যাবে দেশের মানুষের প্রকৃত অবস্থা কী।”
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বিএনপির সাথে সংলাপে রাজি কি না এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় একটি গঠনমূলক ইঙ্গিত দেন। তিনি বলেন, “আমরা সবার সাথে কথা বলতে প্রস্তুত। আওয়ামী লীগ ও বিএনপি হলো যুক্তরাজ্যের টরি (কনজারভেটিভ) ও লেবার পার্টির মতো; এই দুই দল ছাড়া বাংলাদেশের রাজনীতি কল্পনা করা যায় না।”
তিনি দাবি করেন যে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময়ই একটি প্রধান শক্তি হিসেবে থাকবে। জয়ের মতে, “আমাদের প্রায় ৪০ শতাংশ জনসমর্থন বা ভোট আছে, আর জাতীয় পার্টির রয়েছে আরও ৫-১০ শতাংশ। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক যাদের সমর্থন করে, তাদের সারা জীবন এড়িয়ে যাওয়া কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়।”


আপনার মতামত লিখুন :