নির্বাচনে নজিরবিহীন জালিয়াতি, ফলাফল শিটে ঘষামজা এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে ৩০টি আসনে ভোট পুনঃগণনার আনুষ্ঠানিক দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে জোটের একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছান।
শনিবার বিকেলে এক ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, ঢাকা-৬ সহ বেশ কিছু আসনে ফলাফল শিটে ব্যাপক ‘ওভাররাইটিং’ ও ঘষামজা করা হয়েছে।
তিনি বলেন, “কিছু আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে বিদ্যুৎগতিতে, আবার কোথাও অস্বাভাবিক দেরি করা হয়েছে যা সন্দেহজনক। আমরা পেন্সিলে লেখা ফলাফল শিট এবং এনআইডি নম্বরবিহীন ভুয়া এজেন্ট তালিকার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছি।”
ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান অভিযোগ করেন, তাঁর নির্বাচনী এলাকায় অনেক কেন্দ্রের ফলাফল শিট ফটোকপি করা এবং সেখানে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরের পরিবর্তে কলম দিয়ে নাম লেখা হয়েছে। জোটের দাবি, এই ৩০টি আসনে স্বচ্ছভাবে পুনঃগণনা করলে বর্তমান ফলাফলে বড় ধরনের পরিবর্তন আসবে এবং অনেক পরাজিত প্রার্থী বিজয়ী হিসেবে ঘোষিত হবেন।
পুনঃগণনার দাবির পাশাপাশি নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে জোট। তারা বলছে, সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের (বিএনপি) পক্ষ থেকে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এর ফলে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও হতাহতের ঘটনা ঘটছে।


আপনার মতামত লিখুন :