নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তাঁর এই আকস্মিক প্রস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতির মুখে গত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে দেশ ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি। তবে তাঁর দেওয়া ব্যাখ্যায় কিছু অসংগতি থাকায় ধোঁয়াশা আরও বেড়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর পোস্টে দাবি করেছেন, তিনি গত ৮ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যেই আইসিটি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। ১০ ফেব্রুয়ারি ছিল তাঁর শেষ অফিস। তবে একই পোস্টে তিনি আবার লিখেছেন, “ছুটি চেয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছি।” একবার ‘বিদায়’ এবং অন্য জায়গায় ‘ছুটি’ শব্দ ব্যবহার করায় জনমনে প্রশ্ন উঠেছে তিনি কি স্থায়ীভাবে দায়িত্ব ছেড়েছেন নাকি সাময়িক ছুটিতে গেছেন?
দেশত্যাগের কারণ হিসেবে তিনি ছেলের স্কুলের প্যারেন্টস মিটিং এবং স্ত্রীর মেডিকেল ইমার্জেন্সির কথা উল্লেখ করেছেন। পোস্টে তিনি সহকর্মীদের সাথে বিদায়ী ডিনারের ছবি ও ভিডিওর প্রসঙ্গও টেনেছেন।
উল্লেখ্য, দায়িত্ব পালনকালে ফয়েজ আহমদের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছিল। তবে ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, তিনি কোনো অন্যায় বা দুর্নীতির সাথে জড়িত ছিলেন না।
২০২৫ সালের ৫ মার্চ নিয়োগ পাওয়া এই অর্থনীতিবিদ ও গবেষক নির্বাচনের ঠিক পরেই কেন তড়িঘড়ি করে দেশ ছাড়লেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা ডালপালা মেলছে।


আপনার মতামত লিখুন :