ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:৩৮ পিএম

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং নতুন নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ‘অপতথ্য ও অনুমাননির্ভর’ বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন।

প্রেস সচিব তাঁর পোস্টে উল্লেখ করেন, শেখ আব্দুর রশীদ কোনো নেতিবাচক কারণে নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত কারণে নির্বাচনের আগেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। তবে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে প্রশাসনের শৃঙ্খলা বজায় রাখতে প্রধান উপদেষ্টার বিশেষ অনুরোধে তিনি ভোট শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে সম্মত হন।

শফিকুল আলম লিখেছেন, “ব‍্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার নিকট দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান। বিষয়টি নিয়ে অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।”

এর আগে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। একই আদেশে প্রধান উপদেষ্টার বর্তমান মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের দেশত্যাগ এবং মন্ত্রিপরিষদ সচিবের বিদায় নিয়ে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। সরকারের এই সময়োপযোগী ব্যাখ্যা সেই ধোঁয়াশা কাটানোর চেষ্টা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

ডিজিএন/এনএস

banner
Link copied!