ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:০২ এএম

নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পর দেশজুড়ে মোতায়েনকৃত সেনাসদস্যরা ব্যারাকে ফিরে যাবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে পুলিশ বাহিনী পুরোপুরিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সেনাবাহিনীর একটি অংশ সহায়তামূলক (ইন এইড টু সিভিল পাওয়ার) ভূমিকায় মাঠে থাকবে বলেও স্পষ্ট করেন তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ১৫ মিনিটের এই অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সেনাপ্রধান বলেন, “নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যরা যে পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা দেখিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে।”

দেশ ও জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনীর ত্যাগের কথা স্মরণ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসময় তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।” তিনি সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান।

সেনাপ্রধান তাঁর বক্তব্যে পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে।

ডিজিএন/এনএস

banner
Link copied!