ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

রাজধানীতে আজ ১১-দলীয় জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:০৯ এএম

রাজধানীতে আজ ১১-দলীয় জোটের বিক্ষোভ

নির্বাচন ও গণভোট পরবর্তী দেশজুড়ে সহিংসতা, নির্যাতন ও নারী নির্যাতনের প্রতিবাদে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ১১-দলীয় জোট। বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত সারা দেশে বিরোধী জোটের কর্মী ও সাধারণ মানুষের ওপর হামলার প্রতিবাদেই এই রাজপথের কর্মসূচি।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর তথ্যমতে, ফল ঘোষণার পর গত দুই দিনে দেশের অন্তত ৩০টি জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অসংখ্য মানুষ। বিচ্ছিন্ন সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, গত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট ৭৭টি আসনে জয়লাভ করেছে।

দলভিত্তিক আসন: বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬, বাংলাদেশ খেলাফত মজলিস ২ এবং ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস ও গণসংহতি আন্দোলন ১টি করে আসনে জয়ী হয়েছে।

ভোটের হার: সাধারণ নির্বাচনে ৫৯.৪৪% এবং গণভোটে ৬০.২৬% ভোট পড়েছে। এর মধ্যে বিএনপি ৪৯.৯৭% ও জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে।

বিরোধী জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভোটের ফল ঘোষণার পর থেকেই পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় তান্ডব চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য অন্তরায়।

ডিজিএন/এনএস

banner
Link copied!