দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী ও স্থিতিশীল অবস্থায় এনে নতুন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করছে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানির ব্যয় মেটানো সম্ভব।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট যখন অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেন, তখন রিজার্ভ ছিল মাত্র ১৫ বিলিয়ন ডলার। ব্যাংকিং খাত ছিল অচল এবং বেশ কিছু ব্যাংক দেউলিয়া হওয়ার পথে ছিল। বর্তমান সরকারের নেওয়া সময়োপযোগী সংস্কারের ফলে রিজার্ভ প্রায় দ্বিগুণ বেড়ে ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।”
মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম দাবি করেন, গত ১৮ মাসের মেয়াদে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি। তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট শক্তির নানা ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকারকে বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের অর্জিত সাফল্যের চিত্র তুলে ধরে বলা হয়: ব্যাংকিং খাত: অচল অবস্থা থেকে ব্যাংকিং খাতকে পুনরায় সচল করা হয়েছে। ভঙ্গুর অর্থনীতিকে সংস্কারের মাধ্যমে বিনিয়োগবান্ধব করা হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে প্রয়োজনীয় আইনগত কাঠামো তৈরি করা হয়েছে।
বিদায়ী সরকার মনে করছে, এই রিজার্ভ ও অর্থনৈতিক স্থিতিশীলতা নবনির্বাচিত সরকারকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার সুযোগ করে দেবে।


আপনার মতামত লিখুন :