দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ‘জুলাই জাতীয় সনদ’-এ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে যাচ্ছে জুলাই-আগস্ট অভ্যুত্থানে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সন্ধ্যা ৬টায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় গিয়ে এই স্বাক্ষর করবেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, নাহিদ ইসলামের সঙ্গে প্রতিনিধিদলে থাকছেন: আখতার হোসেন (সদস্য সচিব), জহিরুল ইসলাম মূসা (যুগ্ম সদস্য সচিব), সারোয়ার তুষার (যুগ্ম আহ্বায়ক), মনিরা শারমিন (যুগ্ম আহ্বায়ক), জাবেদ রাসিন (যুগ্ম আহ্বায়ক)।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করলেও এনসিপি তখন বিরত ছিল।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বিবিসি বাংলাকে জানান, “অক্টোবরে এই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অস্পষ্টতা ছিল। কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় সংস্কারের আইনি ভিত্তি নিশ্চিত হয়েছে। তাই জনরায়ের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন স্বাক্ষর করছি।”
বিশ্লেষকরা বলছেন, এনসিপির এই স্বাক্ষরের ফলে জুলাই সনদের রাজনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি পেল। এনসিপি মনে করছে, এই সনদে স্বাক্ষরের ফলে তাদের ৬ জন সংসদ সদস্যের (এমপি) জন্য সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ‘লিগ্যাল অথরিটি’ বা আইনি কর্তৃত্ব তৈরি হবে। ভবিষ্যতে কেউ সংস্কারবিরোধী অবস্থান নিলে তারা আইনত লড়াই করার ভিত্তি পাবে।
সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :