ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মঙ্গলবার যান চলাচলে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:১৭ পিএম

মঙ্গলবার যান চলাচলে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংসদ ভবনের আশপাশের এলাকায় বিপুল লোকসমাগম হবে বিধায় যানচলাচল সীমিত ও ডাইভারশন ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বিশেষ করে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


ডিএমপির ট্রাফিক বিভাগ যানজট এড়াতে নিচের বিকল্প পথগুলো ব্যবহারের অনুরোধ জানিয়েছে: 
১. মিরপুর রোড থেকে ফার্মগেট: যারা মিরপুর রোড হয়ে ফার্মগেট বা সোনারগাঁও যাবেন, তারা প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে যাতায়াত করবেন। 
২. ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি-২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি দিয়ে ফার্মগেট যাবে। 
৩. ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে আসা যানবাহন খেজুর বাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও আসাদগেট হয়ে ধানমন্ডিতে প্রবেশ করবে।
৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী: যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‍্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহার করতে বলা হয়েছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ভিভিআইপি ও ভিআইপিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িক অসুবিধার জন্য ডিএমপি দুঃখ প্রকাশ করেছে এবং নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!