দীর্ঘ ১৮ মাসের কর্মব্যস্ততা শেষে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, বিদায়ী ভাষণে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, একটি চ্যালেঞ্জিং সময়ে দেশ পরিচালনার দায়িত্ব পালনে সবার ঐকান্তিক প্রচেষ্টা ইতিহাসের অংশ হয়ে থাকবে। নতুন নির্বাচিত সরকারের অধীনেও একই নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
ভাষণ শেষে ড. ইউনূস কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে একটি বিশেষ ফটোসেশনে অংশ নেন। এ সময় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, গত দেড় বছর ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যারা নিরলস সেবা দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই আয়োজন।
একই দিনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সাক্ষাতে প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সামরিক বাহিনীর সহায়তার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে কাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। আগামীকাল বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন ড. ইউনূস।


আপনার মতামত লিখুন :