দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি বঙ্গভবনে যান। সেখানে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দুই নেতার এই সংক্ষিপ্ত সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনে নতুন সরকারের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রপতি নতুন প্রধানমন্ত্রীকে তাঁর দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং সরকার পরিচালনার সফলতা কামনা করেন।
দীর্ঘ তিন দশক পর বাংলাদেশ একজন নতুন রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী হিসেবে পেল। গত ৩০ বছরের প্রচলিত প্রথা ভেঙে এবার বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খোলা চত্বরে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে গোপনীয়তার শপথ পাঠ করান। এরপর তাঁর নেতৃত্বাধীন ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসন শেষে নির্বাচিত সরকারের কাছে এই ক্ষমতা হস্তান্তরকে দেশের গণতন্ত্রের নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :