ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ধুয়ে-মুছে প্রস্তুত হচ্ছে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস, সাজ সাজ রব সবখানে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:১৬ পিএম

ধুয়ে-মুছে প্রস্তুত হচ্ছে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস, সাজ সাজ রব সবখানে

দীর্ঘ দুই দশক পর আবারও নির্বাচিত সরকারের আগমনে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে বইছে উৎসবের আমেজ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকেই সচিবালয়ের ১ নম্বর ভবনসহ বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা গেছে ব্যাপক কর্মযজ্ঞ। আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তাঁর দপ্তরে অফিস করবেন।

মঙ্গলবার দুপুরে সচিবালয় ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রীর কক্ষ (মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলা) ধুয়ে-মুছে ঝকঝকে করা হয়েছে। আসবাবপত্র ঝাড়াই-বাছাই ও কারিগরি সরঞ্জাম পরীক্ষার পাশাপাশি করিডোর ও বারান্দায় বসানো হয়েছে বাহারি ফুলের টব। এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে সেখানে নতুন মন্ত্রীদের নামফলক স্থাপনের কাজও প্রায় শেষ। প্রশাসনের কেন্দ্রস্থলে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দিনটি কাটবে অত্যন্ত ব্যস্ততায়: সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে আগমন এবং ১ নম্বর ভবনের ৩য় তলায় প্রধানমন্ত্রীর নির্ধারিত দপ্তরে প্রথম দাপ্তরিক কাজ শুরু। দুপুর ১টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়।

বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথমবারের মতো বিশেষ ‘ক্যাবিনেট মিটিং’ বা মন্ত্রিসভা বৈঠক। বিকেল ৪টায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সব মন্ত্রণালয়ের সচিব) সঙ্গে বিশেষ মতবিনিময় ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে দিক-নির্দেশনা প্রদান।

প্রধানমন্ত্রী ছাড়াও কাল সকাল থেকেই স্ব-স্ব মন্ত্রণালয়ে যোগ দেবেন নবনিযুক্ত ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। তাঁরা কর্মকর্তাদের কাছ থেকে চলমান উন্নয়ন প্রকল্পের আপডেট নেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন। সচিবালয়ের বিভিন্ন গেটে ও ভবনের সামনে নেতাকর্মীদের ভিড় সামলাতেও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ডিএমপি।

ডিজিএন/এনএস

banner
Link copied!