বগুড়া জেলা আওয়ামী লীগের ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এমন একটি দাবি ঘিরে জেলাজুড়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক আইডি থেকে পতাকা উত্তোলনের ছবি পোস্ট করার পর বিষয়টি আলোচনায় আসে।
সোমবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে দেওয়া ওই পোস্টে দাবি করা হয়, দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল “আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।” সামাজিক মাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন নেটিজেন সমর্থন ও বিস্ময়সূচক মন্তব্য করেছেন। তবে কবে, কখন এবং ঠিক কারা এই পতাকা উত্তোলন করেছেন, সে বিষয়ে পোস্টে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।
২০২৪ সালের ১৬ জুলাই ও ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কয়েক দফা হামলা ও অগ্নিসংযোগ করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে ভবনটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। বর্তমানে ভবনটি কেবল একটি ধ্বংসস্তূপ। এই ধ্বংসস্তূপের মাঝে জাতীয় পতাকা উত্তোলনের দাবিকে একটি ‘প্রতীকী রাজনৈতিক অবস্থান’ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং বিষয়টি সম্পর্কে অবগত নন। তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ধ্বংসপ্রাপ্ত ওই জায়গাটি বর্তমানে কার নিয়ন্ত্রণে রয়েছে বা সেখানে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা আছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। তবে স্থানীয়দের মতে, কাল নতুন সরকারের শপথ গ্রহণের ঠিক আগমুহূর্তে এই ধরনের কার্যক্রম রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপকৌশল হতে পারে।


আপনার মতামত লিখুন :