ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:৪১ পিএম

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত ওই গেজেটে বলা হয়: সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।

নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পৃথক বিশেষ গেজেটও প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়া ১৮ মাসের অন্তর্বর্তীকালীন অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণের পর সন্ধ্যায় এই গেজেট জারির মাধ্যমে তারেক রহমান এখন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। দীর্ঘ দুই দশক পর বিএনপি আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরল।

ডিজিএন/এফএ

banner
Link copied!