ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

প্রথম কর্মদিবসে ব্যস্ত তারেক রহমান: স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে শুরু হচ্ছে দাপ্তরিক যাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৮:৩২ এএম

প্রথম কর্মদিবসে ব্যস্ত তারেক রহমান: স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে শুরু হচ্ছে দাপ্তরিক যাত্রা

শপথ গ্রহণের পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় দায়িত্ব পালনের প্রথম পূর্ণাঙ্গ কর্মদিবস অতিবাহিত করছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে প্রথম মন্ত্রিসভা বৈঠকের মাধ্যমে আজ থেকে শুরু হচ্ছে তাঁর প্রশাসনিক পথচলা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সময়সূচি অনুযায়ী, সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর দপ্তরে (১ নম্বর ভবনের ৩য় তলা) পৌঁছাবেন। সেখানে তিনি প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সম্মানে আজ সচিবালয়ে একটি বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

নতুন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচিটি অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এটিই হবে নতুন মন্ত্রিসভার প্রথম বিশেষ বৈঠক। বৈঠক শেষে বিকেল ৪টায় তিনি সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। সেখানে তিনি প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আগামীর কর্মপরিকল্পনা ও সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সচিবালয় প্রাঙ্গণে আজ সকাল থেকেই সাজ সাজ রব। প্রতিটি ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নবাগত ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে বরণ করে নিতে স্ব-স্ব মন্ত্রণালয়গুলো প্রস্তুত রয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!