নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিশেষ বার্তায় জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ ভাষণটি বিটিভির সৌজন্যে দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে প্রচারের অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে দেশবাসীর উদ্দেশে তাঁর প্রথম আনুষ্ঠানিক বার্তা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর এই ভাষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবেন: ‘জুলাই বিপ্লব’-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাঁর সরকারের অঙ্গীকার। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপের ঘোষণা। বিভাজনের রাজনীতি পরিহার করে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার ডাক। বিচার বিভাগ, পুলিশ ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করার প্রতিশ্রুতি।
গতকাল মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৪৯ সদস্যের মন্ত্রিসভাসহ শপথ নেন তারেক রহমান। আজ সকালেই তিনি সাভারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বর্তমানে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভা বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন।


আপনার মতামত লিখুন :