ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০২:১১ পিএম

মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু

মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের ভিত্তি, আর চব্বিশ হচ্ছে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এমনটাই মন্তব্য করেছেন নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চব্বিশের গণ-অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা নাকচ করে দিয়ে আমির খসরু বলেন, “মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ। এটা তো একটার সাথে একটা পরস্পরবিরোধী কিছু না। মুক্তিযুদ্ধ এই দেশের জন্মের যুদ্ধ আর চব্বিশ হচ্ছে স্বৈরাচার নিপাত করে একটি গণতান্ত্রিক ‘অর্ডার’ ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই আলাদা ভ্যালু ও মূল্যবোধ আছে। আমাদের দুইটাকেই শ্রদ্ধা করতে হবে।”

গত দুই দশকের অভিজ্ঞতার কথা টেনে তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “বিগত ২০ বছর অনেক কষ্ট করে, শত বাধা-বিপত্তি উপেক্ষা করে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। কিন্তু এবার সেই প্রতিকূলতা পোহাতে হয়নি। দেশ আজ মুক্ত।” তিনি আরও যোগ করেন, গণতন্ত্রের জন্য যারা আপসহীনভাবে লড়েছে, তাদের মধ্যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল।

নতুন বাংলাদেশের পথচলায় সবার অবদানকে স্বীকার করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের বিনিময়ে নতুন বাংলাদেশ হওয়ার পরে আমাদের অনেক সমস্যা অতিক্রম করতে হয়েছে। অনেক প্রতিবাদ, বিপ্লব ও আন্দোলন হয়েছে। মানুষ জীবন দিয়েছে। সবাইকে মাথায় রাখতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না।”

ডিজিএন/এনএস

banner
Link copied!