ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মব জাস্টিস বন্ধ করা হবে, গণতন্ত্রই আমাদের প্রধান পথ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:৪৯ পিএম

মব জাস্টিস বন্ধ করা হবে, গণতন্ত্রই আমাদের প্রধান পথ: মির্জা ফখরুল

নতুন সরকারের স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই প্রশাসনের কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দেশে আর কোনো ‘মব জাস্টিস’ বা বিচারবহির্ভূত আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না।

সরকারের আগামীর চ্যালেঞ্জ নিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছি। আমাদের মূল লক্ষ্য হলো ‘টু বিল্ড দ্য নেশন’ (দেশকে গড়ে তোলা)। প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা (আই হ্যাভ এ প্ল্যান) আছে এবং এই মন্ত্রিসভা সেই পরিকল্পনা বাস্তবায়ন করে মানুষকে সামনে এগিয়ে নিয়ে যাবে।”

গত দেড় বছরের অস্থিরতা ও মব জাস্টিস নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিগত সময়ে একটা বড় ঝড় গেছে, গণ-অভ্যুত্থান হয়েছে। মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে না। তবে এখন নির্বাচিত সরকার এসেছে। মব জাস্টিস কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটানো হবে।” তবে তিনি বর্তমান স্থিতিশীলতার প্রশংসা করে বলেন, “পরিস্থিতি অতটা খারাপ নয় যতটা আপনারা দেখছেন। ব্যাংক ও অর্থনীতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।”

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে মির্জা ফখরুল ইতিবাচক মনোভাব পোষণ করেন। তিনি বলেন, “তারা বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছিল। তাদের মূল কাজ ছিল ‘ট্রানজিশন টু ডেমোক্রেসি’ বা গণতন্ত্রে উত্তরণ। তারা সফলভাবে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিয়ে গেছে, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। তাই তাদের কাজের ক্রেডিট আমাদের দিতেই হবে।”

আওয়ামী লীগবিহীন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কি না এমন প্রশ্নে তিনি দাবি করেন, আন্তর্জাতিক মহলের মতে এটি একটি ইনক্লুসিভ নির্বাচন ছিল। তবে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বা তাদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী হবে, তা পরে সরকারের উচ্চপর্যায়ে আলোচনার পর জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!