ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করেছে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:৩১ পিএম

পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করেছে: ডিএমপি কমিশনার

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পরিচয় দিয়ে পুলিশ বাহিনী তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, "পুলিশের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার ফলেই একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। আপনারা নির্বাচনের মাঠে নিরপেক্ষতা বজায় রেখে যে দায়িত্ব পালন করেছেন, তাতে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরেছে।" তিনি আরও নির্দেশ দেন যে, আগামী দিনগুলোতেও যেন এই ভাবমূর্তি ও গৌরব অক্ষুণ্ণ থাকে, সেজন্য প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

সভায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে বিশেষ ট্রাফিক পরিকল্পনার কথা জানানো হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার রমজানে রাজধানীজুড়ে যানজট নিরসনে সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেন এবং সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম আসন্ন বড় ইভেন্টগুলোর নিরাপত্তা নিয়ে কথা বলেন। তিনি বলেন, "সামনে একুশে ফেব্রুয়ারি ও বই মেলার মতো বড় আয়োজন রয়েছে। এছাড়া পবিত্র মাহে রমজানে বিশেষ করে তারাবির নামাজের সময় যেন চুরি বা ছিনতাইয়ের মতো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়াতে হবে।"

জানুয়ারি মাসে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা বিধান এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ ডিএমপির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!