ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনের ভোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৭:৩৮ পিএম

রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনের ভোট

পবিত্র ঈদুল ফিতরের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাছউদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসি কমিশনার জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন শেষ করতে হয়। তিনি বলেন, “আমরা চাচ্ছি রোজার মধ্যেই যাবতীয় নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে, যাতে ঈদের আগেই বিজয়ী নারী প্রতিনিধিদের গেজেট প্রকাশ করা যায়।” তবে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ঈদের পরে অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংরক্ষিত আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতার বিষয়ে কমিশনার বলেন, “সংসদে কমপক্ষে ৬টি সাধারণ আসন থাকলে একটি সংরক্ষিত নারী আসন পাওয়া যায়। তবে ছোট দল বা স্বতন্ত্র প্রার্থীরা জোটবদ্ধ হয়েও এই আসনে অংশ নিতে পারেন।”

দলীয় অবস্থানের বর্তমান চিত্র: বিএনপি: ২০৯টি আসন নিয়ে এককভাবে সর্বোচ্চ নারী আসন (৩৫টি) পেতে যাচ্ছে। জামায়াতে ইসলামী: ৬৮টি আসন নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ (১১টি) নারী আসন পাওয়ার পথে। এনসিপি: ৬টি আসন নিয়ে ১টি সংরক্ষিত নারী আসন নিশ্চিত করেছে। অন্যান্য: বাংলাদেশ খেলাফত মজলিস (২টি আসন) ও স্বতন্ত্র প্রার্থীরা জোটবদ্ধ হয়ে বাকি আসনগুলোর ভাগ পাবেন।

কিছু প্রার্থী এখনো ভোটের ফলাফল মেনে নেননি এমন প্রশ্নে ইসি মাছউদ স্পষ্ট জানিয়ে দেন, “ফলাফলের গেজেট হয়ে যাওয়ার পর কমিশনের আর কিছু করার থাকে না। কোনো প্রার্থীর আপত্তি থাকলে তিনি আদালতের শরণাপন্ন হতে পারেন।”

ডিজিএন/এফএ

banner
Link copied!