পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এই মাসকে অধিক মুনাফা লাভের মাসে পরিণত না করতে ব্যবসায়ীদের প্রতি কঠোর আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি এবং আগামীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, "রমজান আত্মশুদ্ধির মাস। আমাদের অনেকের মধ্যেই এই মাসে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষ্য করা যায়। আপনাদের প্রতি আহ্বান, রমজানের পবিত্রতা রক্ষায় এই মাসটিকে আপনারা মুনাফার মাস হিসেবে গণ্য করবেন না।" তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো ধরণের মাফিয়া সিন্ডিকেট বরদাশত করা হবে না এবং অনাচারের সকল সিন্ডিকেট ভেঙে দিতে তাঁর সরকার বদ্ধপরিকর।
তারেক রহমান ব্যবসায়ীদের পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "সরকার ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থ রক্ষায় কাজ করবে। আপনাদের যেকোনো পরামর্শ বা অভিযোগ শোনা হবে।" তিনি মনে করিয়ে দেন যে, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণই সরকারের মূল শক্তি।
রোজাদারদের ভোগান্তি কমাতে সাহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন বলে প্রধানমন্ত্রী জানান। একইসঙ্গে অফিস-আদালতে অপচয় রোধ ও কৃচ্ছ্রসাধনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
হাজারো শহীদের ত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, "তাঁবেদারমুক্ত বাংলাদেশে একটি জবাবদিহিমূলক সরকার যাত্রা শুরু করেছে। পাহাড় বা সমতল দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য এই দেশকে একটি নিরাপদ ভূমিতে পরিণত করাই আমাদের লক্ষ্য।"


আপনার মতামত লিখুন :