নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে আবু আবদুল্লাহ এম ছালেহ এই পদে বহাল থাকবেন। তাঁর বেতন নির্ধারণ করা হয়েছে সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা (নির্ধারিত)।
আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে সংবাদ সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলা বাজার পত্রিকা এবং চ্যানেল আই-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উল্লেখযোগ্য যে, তিনি দীর্ঘদিন প্রবাসে অবস্থানকালে তারেক রহমানের প্রেস সংক্রান্ত বিষয়গুলো সমন্বয় করে আসছিলেন এবং গত ডিসেম্বরে তাঁর সঙ্গেই দেশে ফিরেছিলেন।
একই দিনে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরও কিছু নিয়োগ দেওয়া হয়েছে: অতিরিক্ত প্রেস সচিব: আতিকুর রহমান রুমন। একান্ত সচিব-২: মো. মেহেদুল ইসলাম। সহকারী একান্ত সচিব-২: আব্দুর রহমান সানি।


আপনার মতামত লিখুন :