ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১১:৪৪ এএম

রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রাজধানীর উত্তরা, আজিমপুর, মিরপুরসহ মোট ২৫টি গুরুত্বপূর্ণ স্পটে মাসব্যাপী এই বিক্রয় কার্যক্রম চলবে। এখানে নির্ধারিত দামগুলো হলো: ডিম (ডজন): ৯৬ টাকা। দুধ (১ কেজি): ৮০ টাকা। গরুর মাংস (১ কেজি): ৬৫০ টাকা।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, এটি তারই অংশ। অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে, সেজন্যই এই উদ্যোগ। এটি বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ ভোক্তারা উপকৃত হবেন।”

প্রতিমন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে এই উদ্যোগ দেশের অন্যান্য জেলাগুলোতেও ছড়িয়ে দেওয়া হবে। এছাড়া সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দ্রুতই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডিজিএন/এফএ

banner
Link copied!