ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৫:১৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমানের সফল মেয়াদ কামনা করেন এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।"

চিঠিতে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রাম্প আশা প্রকাশ করেন যে, এই চুক্তির ফলে দুই দেশের কৃষক ও শ্রমিকরা সরাসরি উপকৃত হবেন। উল্লেখ্য, সম্প্রতি সম্পাদিত এই চুক্তির আওতায় বাংলাদেশি পণ্যে শুল্ক কমানো এবং মার্কিন তুলায় তৈরি পোশাকের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়েছে।

প্রতিরক্ষা খাতে সম্পর্ক আরও গভীর করার ইঙ্গিত দিয়ে ট্রাম্প লিখেছেন, "আমি আশা করি আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করবেন। এর ফলে বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বের সেরা ও অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে।"

চিঠির শেষাংশে ট্রাম্প বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি তাঁর পূর্ণ আস্থার কথা জানান। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে আরও সমৃদ্ধ ও নিরাপদ করতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

ডিজিএন/এফএ

banner
Link copied!