ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

টাকা পরিবহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিএমপির বিশেষ ‘এস্কর্ট’ সেবা চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৫:৩৫ পিএম

টাকা পরিবহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিএমপির বিশেষ ‘এস্কর্ট’ সেবা চালু

রমজান ও ঈদকে কেন্দ্র করে রাজধানীতে ব্যবসা-বাণিজ্যের ধুম এবং বড় অঙ্কের আর্থিক লেনদেন বাড়ার প্রেক্ষাপটে চুরি-ছিনতাই রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনের ক্ষেত্রে পুলিশের বিশেষ ‘এস্কর্ট’ বা নিরাপত্তা প্রহরা সেবা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে: যেকোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এই সেবা নিতে পারবেন।

সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে; পুলিশ কেবল নিরাপত্তা নিশ্চিত করতে সাথে থাকবে। সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপি কন্ট্রোল রুমে আগাম তথ্য দিয়ে এই সহায়তা নেওয়া যাবে।

যেকোনো প্রয়োজনে নাগরিকরা নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন: কন্ট্রোল রুম: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, মোবাইল: ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬, জরুরি সেবা: ৯৯৯।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “রমজানে কেনাকাটা ও ব্যবসার কারণে নগদ অর্থের প্রবাহ বেড়ে যায়, যা অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীবাসীকে পুলিশের এই বিশেষ সহায়তা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

ডিজিএন/এফএ

banner
Link copied!