প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র দুই কার্যদিবসেই প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কৃতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তারেক রহমান। সরকারি প্রটোকল কাটছাঁট করা থেকে শুরু করে শনিবারেও অফিস করার সিদ্ধান্ত সব মিলিয়ে এক নতুন শুরুর আভাস পাওয়া যাচ্ছে।
পরিবর্তনের দশটি মূল পদক্ষেপ:
১. ব্যক্তিগত গাড়িতে যাতায়াত: প্রধানমন্ত্রী সরকারি গাড়ি ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজের মালিকানাধীন সাদা রঙের টয়োটা গাড়িতে যাতায়াত করছেন।
২. নিজস্ব জ্বালানি ও চালক: প্রধানমন্ত্রীর গাড়ির জ্বালানি খরচ তিনি নিজেই বহন করবেন এবং গাড়িটি চালাবেন তাঁর নিজস্ব চালক।
৩. প্রটোকল বহর সংকোচন: আগে প্রধানমন্ত্রীর বহরে ১৩-১৪টি গাড়ি থাকত; তা কমিয়ে মাত্র ৪টিতে নামিয়ে আনা হয়েছে।
৪. সড়কের নিরাপত্তা সংস্কার: প্রধানমন্ত্রীর চলাচলের সময় রাস্তার দুই পাশে পুলিশের দীর্ঘ সারি দিয়ে দাঁড়িয়ে থাকার প্রথা বাতিল করা হয়েছে।
৫. জাতীয় পতাকার পরিমিত ব্যবহার: সাধারণ চলাচলের সময় গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করবেন না তিনি; কেবল রাষ্ট্রীয় অনুষ্ঠানে এর ব্যবহার হবে।
৬. শনিবারেও অফিস: প্রশাসনিক গতি বাড়াতে প্রধানমন্ত্রী এখন থেকে সপ্তাহে ৬ দিন (শনি থেকে বৃহস্পতিবার) অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন।
৭. সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক: জনদুর্ভোগ এড়াতে এখন থেকে মন্ত্রিসভার বেশিরভাগ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
৮. এমপিদের বিলাসিতা বর্জন: বিএনপির কোনো সংসদ সদস্য (এমপি) শুল্কমুক্ত (ডিউটি ফ্রি) গাড়ি বা সরকারি প্লট নেবেন না বলে সংসদীয় দলের বৈঠকে শপথ নিয়েছেন।
৯. ১৮০ দিনের রোডম্যাপ: আগামী ৬ মাসের জন্য একটি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণা করবে সরকার।
১০. ফ্যামিলি কার্ড ও বাজার নিয়ন্ত্রণ: পবিত্র রমজান উপলক্ষে দ্রুত ফ্যামিলি কার্ড বিতরণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রাচারের এই পরিবর্তন সাধারণ মানুষের সাথে সরকারের দূরত্ব কমিয়ে আনবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রধানমন্ত্রীর এসব সিদ্ধান্তকে ‘নতুন বাংলাদেশের সূচনা’ হিসেবে অভিহিত করছেন নেটিজেনরা।


আপনার মতামত লিখুন :