ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৯:৫২ এএম

২৬ ফেব্রুয়ারি বসতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হতে পারে। সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক এক বৈঠকে অধিবেশন শুরুর সম্ভাব্য তারিখ হিসেবে ২৫ অথবা ২৬ ফেব্রুয়ারি নিয়ে আলোচনা হয়েছে।

সংবিধানের ৭২ (২) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকার বিধান রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশিত হওয়ায় আগামী ১৪ মার্চের মধ্যে অধিবেশন শুরুর বাধ্যবাধকতা আছে।

প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করবেন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর থেকেই সংসদ ভবনে সাজসাজ রব চলছে।

সাধারণত পুরোনো সংসদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়, কিন্তু এবার সংসদের কোনো মেয়াদ অবশিষ্ট না থাকায় দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হচ্ছে না। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, অধিবেশন ডাকার বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি না হলেও তাঁরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন।

রমজান মাস চলায় অধিবেশন শুরুর সূচি ও সময় কিছুটা সংক্ষিপ্ত হতে পারে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদীয় নেতা হিসেবে অধিবেশনে যোগ দেবেন এবং নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এই অধিবেশনের অন্যতম প্রধান আকর্ষণ হবে।

ডিজিএন/এফএ

banner
Link copied!