ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

রঙের ছোঁয়ায় জেগে উঠছে শহীদ মিনার: একুশের অপেক্ষায় সারা দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:৩৭ এএম

রঙের ছোঁয়ায় জেগে উঠছে শহীদ মিনার: একুশের অপেক্ষায় সারা দেশ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ধোয়া-মোছা, রঙের প্রলেপ আর আলপনা আঁকার কাজে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মীরা। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে মূল শ্রদ্ধা নিবেদন।

সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনারের মূল বেদী ও চারপাশের রাস্তায় আলপনা আঁকার কাজ প্রায় শেষ পর্যায়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী নিরলসভাবে এই কাজ করছেন।

শিক্ষার্থী দিলরুবা জানান, লাইন টানার কাজ শেষ, এখন চলছে রঙের চূড়ান্ত স্পর্শ। মিনারের পেছনের দেওয়ালে আঁকা হচ্ছে বাংলা বর্ণমালা ও ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক গ্রাফিতি।

নতুন সরকারের অধীনে প্রথম এই ভাষা দিবস পালন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে। মিনারের পাশে স্থাপন করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। র‌্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে মোতায়েন থাকবে গোয়েন্দা সদস্যরা।

শহীদ মিনারের মূল কাঠামোতে সাদা রঙের প্রলেপ দিয়ে তার পেছনে স্থাপন করা হয়েছে প্রতীকী রক্তলাল সূর্য। আজ রাত থেকেই ফুল হাতে মানুষের ঢল নামবে এই প্রাঙ্গণে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শ্রদ্ধা নিবেদন। এরপর রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বেদী।

ডিজিএন/এনএস

banner
Link copied!