প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন ঈদুল ফিতরের আগেই চালু হতে যাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’। এই কর্মসূচি সুচারুভাবে পরিচালনার জন্য অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রাথমিক পর্যায়ে দেশের ৮টি বিভাগের ৮টি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) এই কার্ড বিতরণ করা হবে। উপজেলাগুলো হলো: ঢাকা বিভাগ: কেরানীগঞ্জ, চট্টগ্রাম বিভাগ: লামা (বান্দরবান), রাজশাহী বিভাগ: পবা, খুলনা বিভাগ: শ্যামনগর (সাতক্ষীরা),
বরিশাল বিভাগ: চরফ্যাশন, সিলেট বিভাগ: দিরাই, রংপুর বিভাগ: কুড়িগ্রাম সদর, ময়মনসিংহ বিভাগ: নান্দাইল।
অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন এই কমিটিতে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ।
কমিটির প্রধান কাজগুলো হবে:
১. ফ্যামিলি কার্ডের উপযুক্ত ডিজাইন ও স্বচ্ছ সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি প্রণয়ন।
২. এনআইডি ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজের সমন্বয়ে একটি ডিজিটাল এমআইএস তৈরি করা।
৩. আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে কার্ড বিতরণের প্রাথমিক রূপরেখা বা প্রতিবেদন জমা দেওয়া।
সরকার জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের প্রায় ৫ কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে, যার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও আর্থিক সুবিধা সরাসরি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :