ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ঢাকার দুই সিটি ও চট্টগ্রামে ভোটের তোড়জোড়: আগামী সপ্তাহে ইসির কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:০৬ পিএম

ঢাকার দুই সিটি ও চট্টগ্রামে ভোটের তোড়জোড়: আগামী সপ্তাহে ইসির কর্মপরিকল্পনা

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে নতুন সরকার। এর অংশ হিসেবে ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। আগামী সপ্তাহেই কমিশন সভায় বসবেন নির্বাচন কমিশনাররা, যেখানে এই তিন সিটির নির্বাচনের বিস্তারিত কর্মপরিকল্পনা ও রোডম্যাপ চূড়ান্ত হতে পারে।

ঢাকা দক্ষিণ সিটি: ২০২০ সালের ২ জুন প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় এর মেয়াদ গত বছরের ১ জুনে শেষ হয়েছে। ঢাকা উত্তর সিটি: একই বছরের ৩ জুন প্রথম সভা হওয়ায় এই সিটির মেয়াদও গত বছরের ২ জুনে শেষ হয়েছে।

চট্টগ্রাম সিটি: ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় এই সিটির ৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি (রবিবার)।

আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থাকায় ঢাকার দুই সিটিতে দ্রুত ভোট করা জরুরি হয়ে পড়েছে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, চিঠি পাওয়ার পর প্রাথমিক কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “আগামী সপ্তাহে কমিশনে বৈঠক করে আমরা বিস্তারিত পরিকল্পনা নেব। অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মতো ভবিষ্যতেও নিরপেক্ষতার প্রমাণ রাখতে আমরা দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব দেব।”

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে পট পরিবর্তনের পর ১২টি সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়েছিল। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব প্রতিষ্ঠান সচল করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

ডিজিএন/এনএস

banner
Link copied!