ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:২৪ পিএম

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিলের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার দিবাগত রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছাবেন। রাত ১২টা ১ মিনিটে তিনি মিনারের মূল বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার সকালে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি জানান, কেন্দ্রীয় শহীদ মিনারের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

ঢাকার পাশাপাশি সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারির মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে।

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনারের প্রবেশপথ খুলে দেওয়া হবে।

ডিজিএন/এফএ

banner
Link copied!