ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা: পরিবহণমন্ত্রীর বক্তব্যে টিআইবির নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৭:০৮ পিএম

চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা: পরিবহণমন্ত্রীর বক্তব্যে টিআইবির নিন্দা

পরিবহন খাতে চাঁদাবাজিকে ‘সমঝোতার ভিত্তিতে লেনদেন’ হিসেবে উল্লেখ করে পরিবহণমন্ত্রী গুরুতর অপরাধকে বৈধতা দেওয়ার অজুহাত খুঁজছেন বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি এই গভীর উদ্বেগ প্রকাশ করে এবং প্রধানমন্ত্রীর প্রতি অবিলম্বে ‘দলীয় শুদ্ধিকরণ’ শুরুর আহ্বান জানায়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনের ইশতেহার ও প্রধানমন্ত্রীর ভাষণের ৪৮ ঘণ্টাও পার না হতেই মন্ত্রীর এমন মন্তব্য হতাশাজনক। এটি সরাসরি দুর্নীতিবিরোধী অবস্থানের পরিপন্থী।

সড়কে সমঝোতার নামে টাকা নেওয়াকে যদি বৈধতা দেওয়া হয়, তবে স্বাস্থ্য, শিক্ষা, ভূমি ও বিআরটিএ-সহ সকল খাতে দুর্নীতির একই তত্ত্ব প্রয়োগ করার সুযোগ তৈরি হবে।

২০১২ সালে পতিত আওয়ামী লীগ সরকারের সড়কমন্ত্রীও একই ধরনের তত্ত্ব দিয়ে চাঁদাবাজিকে বৈধতা দিতে চেয়েছিলেন। বর্তমান সরকারের মন্ত্রীও একই পথে হাঁটায় টিআইবি বিস্ময় প্রকাশ করেছে।

বিবৃতিতে প্রধানমন্ত্রীর প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলা হয়, নিজ দলের নেতাকর্মীদের একাংশের আত্মঘাতী পথ রোধ করতে এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে ‘দলীয় শুদ্ধিকরণ ও সংস্কার’কে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। অন্যথায় দেশবাসী হতাশ হবে এবং সুবিধাবাদী শক্তির উত্থান ঘটবে।

ডিজিএন/এফএ

banner
Link copied!