ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:৩৪ এএম

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জের ছাতক পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইফতারের পর পেপার মিল এলাকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক দক্ষিণ বাঘবাড়ির লেবার পাড়া এলাকার কাউন্সিলর আসাদ মিয়া এবং পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার ইফতারের পর তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

হাতাহাতির খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ পাওয়া গেছে, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে। রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!