ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

শহীদ মিনারে শ্রদ্ধার জনস্রোত: ফুলে ফুলে ভরে গেছে স্মৃতির বেদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:৩৪ পিএম

শহীদ মিনারে শ্রদ্ধার জনস্রোত: ফুলে ফুলে ভরে গেছে স্মৃতির বেদি

ভোরের আলো ফুটতেই একুশের চিরচেনা গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গেয়ে নগ্নপদে হাজারো মানুষের পদযাত্রা শুরু হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আজ শনিবার রাজধানীতে নেমেছে মানুষের ঢল। হাতে ফুল আর হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ফুলে ফুলে ভরে ওঠে।

সকালে শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, আজিমপুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে আসা দীর্ঘ লাইন নীলক্ষেত ও পলাশী মোড় ছাড়িয়ে গেছে। শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি কাজ করছেন বিএনসিসি ও স্কাউটস সদস্যরা। একে একে সুশৃঙ্খলভাবে সবাই মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। মানুষের ভিড় থাকলেও শ্রদ্ধার পরিবেশে ছিল এক গম্ভীর নীরবতা।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসে ইডেন মহিলা কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচী। এছাড়াও সরকারি দপ্তরের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ বাংলাদেশ স্কাউটস, টিআইবি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

সংগঠনের বাইরে ব্যক্তিগতভাবেও অসংখ্য মানুষ এসেছেন। অনেক অভিভাবক তাঁদের শিশু সন্তানদের হাত ধরে নিয়ে এসেছেন শহীদ মিনারে। শিশুদের পরনে ছিল একুশের বর্ণমালা খচিত পোশাক। অভিভাবকদের দেখা গেছে তাঁদের সন্তানদের কাছে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহীদদের বীরত্বগাথা তুলে ধরতে।

শ্রদ্ধা জানাতে আসা রাজধানীর বাসিন্দা দিনার ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, "এই দিনটি আমাদের প্রতিটি কাজের প্রেরণা। এই প্রেরণা থেকেই আমাদের স্বাধীনতার পথচলা শুরু হয়েছিল। যখন পশ্চিমারা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তখন ছাত্ররা জীবন দিয়ে সেই অধিকার রক্ষা করেছে। ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল।"

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী দিলানা আক্তার রুবা বলেন, "ভাষা আন্দোলনের ইতিহাস শুধু পাঠ্যবইয়ে পড়ার বিষয় নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। প্রতি বছর এখানে এসে শ্রদ্ধা জানালে সেই রক্তাক্ত ইতিহাসকে নতুন করে হৃদয়ে অনুভব করি।"

শৃঙ্খলার দায়িত্বে থাকা বাংলাদেশ স্কাউটসের সদস্য বিপুল হাসান বলেন, "মানুষের এই গভীর আবেগ আমাদের মুগ্ধ করে। প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও সবাই যেভাবে নিয়ম মেনে শ্রদ্ধা জানাচ্ছেন, তা আমাদের জাতীয় ঐক্যেরই এক অনন্য প্রতীক।"

বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বাড়ছে। শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। কেবল রাজধানী নয়, সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের শহীদ মিনারগুলোতেও একই চিত্র দেখা গেছে। জাতি আজ এক নতুন প্রতিজ্ঞায় মায়ের ভাষার মর্যাদা রক্ষার শপথ নিচ্ছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!