ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

একুশের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৩:০৪ পিএম

একুশের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তিনি এই ডাকটিকিট উন্মোচন করেন। দায়িত্ব গ্রহণের পর এদিনই প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করেন তিনি।

স্মারক ডাকটিকিট উন্মোচন শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময় তিনি দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী তাঁর নতুন কর্মস্থলে দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর মাধ্যমেই তেজগাঁও কার্যালয়ে নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হলো।

নতুন কর্মস্থলে প্রথম কর্মদিবসের শুরুতে প্রধানমন্ত্রী একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন। চারা রোপণ শেষে তিনি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। অনেককে নাম ধরে ডেকে কাছে টেনে নেন তিনি। রাষ্ট্রপ্রধানের এমন আন্তরিকতায় উপস্থিত অনেক কর্মচারীই আবেগাপ্লুত হয়ে পড়েন।

ডিজিএন/এনএস

banner
Link copied!