প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে প্রথম কর্মদিবসেই দেশের শিক্ষা, কর্মসংস্থান এবং ক্রীড়া খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে একে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কারিগরি শিক্ষার প্রসার এবং দক্ষ জনবল তৈরি করা এখন সময়ের দাবি। এছাড়া দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড়দের আধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কালীন অনেক পুরনো কর্মকর্তা-কর্মচারীকে নাম ধরে ডেকে কাছে টেনে নেন এবং তাঁদের সাথে কুশলাদি বিনিময় করেন।
প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। এরপর তাঁর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক একটি পৃথক সভা অনুষ্ঠিত হয়। অমর একুশে উপলক্ষে তিনি বিশেষ স্মারক ডাকটিকিটও উন্মোচন করেন।
উল্লেখ্য, ১৯৯১ সাল থেকে তেজগাঁওয়ের এই ভবনটি প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়লাভের পর এতদিন সচিবালয় থেকে কার্যক্রম পরিচালনা করলেও আজ থেকেই তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হলো।


আপনার মতামত লিখুন :